সম্প্রতি ইতালির মিলানে অবস্থিত স্ফোর্জা দুর্গের নিচে একটি লুকানো সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে। সুড়ঙ্গটি আবিষ্কার করা গবেষক দল বলছে, এই দুর্গের স্কেচ করেছিলেন স্বয়ং লিওনার্দো দ্য ভিঞ্চি। ১৪৯৫ সালের দিকে লিওনার্দোর করা একটি স্কেচ ও অন্যান্য ঐতিহাসিক সূত্রে সুড়ঙ্গটির উল্লেখ রয়েছে।

এই চমকপ্রদ আবিষ্কারটি প্রকাশ করেছে পলিটেকনিকো দ্য মিলানোর একদল গবেষক। তাদের এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল স্ফোর্জা দুর্গের ভূগর্ভস্থ কাঠামোগুলো ডিজিটাইজ করা। মূলত ফ্রান্সেসকা বিওলো নামে এক স্থপতির ডক্টরাল গবেষণা হিসেবে শুরু হয়েছিল এটি।

ভিঞ্চি ২

ছবি- পলিটেকনিকো দ্য মিলানো

রেনেসাঁ যুগের অন্যতম প্রতিভাবান ব্যক্তি লিওনার্দো দ্য ভিঞ্চি। তিনি শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন না, বৈজ্ঞানিক নানা বিষয়েও দক্ষ ছিলেন। এছাড়া ইতালীয় পলিম্যাথ সামরিক কাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। তার চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতার ফলে যুদ্ধ কৌশলে যোগ হয়েছিল নতুন মাত্রা।

যে জায়গাটিতে নতুন এই গোপন সুড়ঙ্গ পথ আবিষ্কৃত হয়েছে সেখানে আগে থেকেই একটি ঐতিহাসিক সুড়ঙ্গ পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল। মিলানোর গবেষক দল সেখানে মূলত দুর্গের বাইরের প্রতিরক্ষা প্রাচীর গিরলান্ডার নিচের কাঠামো পরীক্ষা করছিল। আর তখনই অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে আরেকটি গোপন সুড়ঙ্গ পেয়ে যান তারা।

নতুন আবিষ্কৃত এই দ্বিতীয় সুড়ঙ্গটি প্রথম সুড়ঙ্গের সমান্তরালেই ছিল। আর এর অবস্থান ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ ফুট নিচে। ধারণা করা হচ্ছে, দুর্গের প্রতিরক্ষা ভেঙে গেলে সৈন্যরা এই সুড়ঙ্গ ব্যবহার করত।

ভিঞ্চি

ছবি- গেটি ইমেজেস

এছাড়াও ভূপৃষ্ঠ থেকে আরেকটু গভীরে আরো কিছু ভূগর্ভস্থ পথ এবং মাঝারি আকারের কক্ষের সন্ধান পাওয়া গেছে মিলানোর দলটির গবেষণায়। সান্তা মারিয়া দেলে গ্রাজি ব্যাসিলিকার দিকে চলে গেছে বিশেষ একটি সুড়ঙ্গ । ঐতিহাসিক সূত্রে জানা যায়, মিলানের ডিউক লুডোভিকো স্ফোর্জা তার প্রয়াত স্ত্রীর সমাধিস্থলে সহজে যাওয়ার জন্য এই সুড়ঙ্গ তৈরি করেছিলেন। তবে এই সুড়ঙ্গটি সত্যিই ঐ ব্যাসিলিকার সঙ্গে সংযুক্ত কি না, তা নিশ্চিত করতে আরো গবেষণা প্রয়োজন বলে জানান বিওলো।

১৪ শতকের শেষের দিকে, লিওনার্দো দা ভিঞ্চি ডিউক লুডোভিকো স্ফোর্জার দরবারে কাজ করতেন। সে সময় তিনি দুর্গের অভ্যন্তরে ‘সালা দেলে আসসে’ নামক কক্ষে একটি চিত্রকর্ম তৈরি করেছিলেন।তার আঁকা কিছু স্কেচে ছিল দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গের নকশা।

Vinchi

ছবি- সংগৃহীত

তবে বিশেষজ্ঞদের মতে, লিওনার্দোর বেশিরভাগ স্থাপত্য নকশা ছিল কেবল কল্পনাপ্রসূত ধারণা, যা বাস্তবে নির্মাণের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তবুও সদ্য আবিষ্কৃত সুড়ঙ্গগুলোর গঠন এবং তার স্কেচের মধ্যে যে সাদৃশ্য পাওয়া গেছে, তা গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মূলত মিলানোর গবেষক দলের এই আবিষ্কার আবারো প্রমাণ করেছে, আমাদের চারপাশের প্রায় প্রতিটি স্থাপত্যের নিচিই লুকিয়ে রয়েছে প্রকাশিত হওয়ার অপেক্ষায় থাকা বিস্ময়কর ইতিহাস।

তথ্যসূত্র - সিএনএন