ওয়ানটাইম কফি কাপ বা খাবারের প্লেট কিন্তু আধুনিক ভোগবাদী দুনিয়ার আবিষ্কার নয়। কারণ অন্তত সাড়ে তিন হাজার বছর আগের সভ্যতাতেও যে এ ধরনের পাত্রের ব্যবহার ছিল, তার প্রমাণ মিলেছে। আধুনিককালে ওয়ানটাইম কাপ বা পাত্রগুলো সাধারণত প্লাস্টিক বা কাগজের তৈরি হয়। যেখানে প্লাস্টিকের ব্যবহার এরই মধ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাড়ে তিন হাজার বছর আগের ওয়ানটাইম কাপটি কিন্তু সম্পূর্ণ পরিবেশবান্ধব ছিল। মাটির তৈরি এসব কাপ ব্যবহার করা হতো বিভিন্ন ভোজ অনুষ্ঠানে পানীয় পানের জন্য। এমনটাই বলছেন প্রত্নতাত্ত্বিকরা।
লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে ‘রাবিশ অ্যান্ড আস’ শীর্ষক প্রদর্শনীতে দেখানো হবে ৩৬০০ বছর আগের ওয়ান টাইম কাপ। হাতলবিহীন মাটির কাপটি ব্যবহার করতো প্রাচীন মাইনোয়ানরা। প্রথম দিকের উন্নত ইউরোপীয় সভ্যতায় অন্যতম হলো এই মাইনোয়ানরা। খ্রিস্টপূর্ব ১৭০০ থেকে ১৬০০ অব্দের মধ্যে তৎকালীন গ্রিসের ক্রিট দ্বীপে গড়ে উঠেছিল এ সভ্যতা।
দ্বীপটির প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে বিপুল সংখ্যক মাটির কাপ পাওয়া গেছে। ওয়াইন রাখার উপযুক্ত করেই এগুলো নকশা করা হতো। বিশেষজ্ঞদের ধারণা, কাপগুলো কেবল একবার ব্যবহার করার জন্যই বানাতো মাইনোয়ানরা। ব্যবহার করা হতো অভিজাতদের ভোজ অনুষ্ঠানে। একবার পান শেষেই এগুলো ফেলে দেয়া হতো।
ব্রিটিশ মিউজিয়ামের কিউরেটর জুলিয়া ফারলে বলেন, তৎকালীন উচ্চবিত্তরা তাদের সম্পদ ও আভিজাত্য প্রদর্শন করতেই জাঁকজমকপূর্ণ উৎসব ও ভোজের আয়োজন করতো। এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি সমাগম হতো। আর এ ধরনের অনুষ্ঠানে থাকতো ইচ্ছেমতো পান করার সুযোগ।
তিনি আরো বলেন, আজকালকার ধনীদের জাঁকালো অনুষ্ঠান যেমন লোকে লোকারাণ্য থাকে, তখনও এর ব্যতিক্রম ছিল না। প্রচুর মানুষ পান-ভোজন, নাচ আর খোশগল্পে মশগুল এমন আয়োজনে খাবার পাত্র ধোয়াধুয়ির ঝামেলায় যাওয়া সম্ভব হতো না। এমন অনুষ্ঠানেই ব্যবহার করা হতো মাটির ওয়ানটাইম পান পাত্র।
জুলিয়া কাপ তৈরির উপাদান প্রসঙ্গে বলেন, সাড়ে তিন হাজার বছর আগে মাইনোয়ানরা আমাদের মতোই অনুষ্ঠানে পানীয় পরিবেশন করার জন্য এগুলো ব্যবহার করতো। পার্থক্য কেবল কাপ তৈরির উপাদান। তারা তৈরি করতো মাটি দিয়ে আর আমরা করি প্লাস্টিক বা কাগজ দিয়ে। প্লাস্টিক বা কাগজের মতো মাটিও খুব সহজলভ্য। তবে প্লাস্টিকের মতো কাদামাটিও বহু বছর ধরে মাটির নিচে অক্ষত অবস্থায় থাকে। ৩ হাজার ৬০০ বছর আগের অনেক কাপও অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
উল্লেখ্য, ‘রাবিশ অ্যান্ড আস’ প্রদর্শনীতে বিভিন্ন যুগে ব্যবহৃত ওয়ানটাইম পাত্র ও ব্যবহার্য জিনিসপত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে ১৯৯০ এর দশকে উড়োজাহাজে যাত্রীদের গরম পানীয় পরিবেশন করতে ব্যবহৃত ওয়াক্সড পেপারের (মোম মিশ্রিত কাগজ) তৈরি কাপও প্রদর্শন করা হবে।
সিএনএন অবলম্বনে উম্মে সালমা










