গুগল মানেই ল্যারি পেজ আর সের্গেই ব্রিন। বলা হয়, দুই বন্ধুর অবিচ্ছেদ্য সম্পর্কই গুগলকে আজ প্রযুক্তি দুনিয়ার মহীরুহে পরিণত করেছে। তবে এ সার্চ জায়ান্ট প্রতিষ্ঠালগ্নে আরেকজনের খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল। গুগলের সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনিও একজন। যদিও এ প্রতিষ্ঠানে তিনি বেশি দিন থাকেননি। এ কারণেই অনেকটা পাদপ্রদীপের নিচে চলে গেছেন এ জিনিয়াস প্রযুক্তিবিদ।
বিস্মৃত গল্পটা যাকে ঘিরে তিনি স্কট হাসান। গুগলের যাত্রা শুরু হয় ল্যারি পেজ, সের্গেই ব্রিন আর স্কট হাসানের হাত ধরেই। খুব অল্প দিনের মাথায় হাসান গুগল ছেড়ে চলে যান। তবে প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তার সফলতাও খাটো করে দেখার উপায় নেই। রোবটিকসে তাকে পথিকৃৎ মনে করা হয়। সুইটেবল টেকনোলজিসের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার হাত ধরেই। জনপ্রিয় রোবট বিম তৈরি করেছেন তিনি। দূরবর্তী স্থান থেকে কোনো অনুষ্ঠান, সভা বা সেমিনারে ভার্চুয়ালি উপস্থিত থাকতে এ সফটওয়্যার ব্যবহার করা হয়। গুগলের বর্তমান প্রধান সুন্দর পিচাই এ সফটওয়্যার ব্যবহার করেন।
তবে এখন ভালো নেই হাসান। স্ত্রী অ্যালিসন হুনের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনী লড়াই চলছে। অ্যালিসন নিজেও একজন প্রকৌশলী ও উদ্যোক্তা। তার অভিযোগ, কর ছাড় পেতে প্রায় জলের দামে সুইটেবল টেকনোলজিস বেচে দিয়েছেন হাসান।
গত আগস্টে ব্লু ওশেন রোবটিকসের কাছে মাত্র ৪ লাখ ডলারে সুইটেবল বিক্রি করেন হাসান। হাসান এ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও একক পরিচালক ছিলেন। অ্যালিসনের দাবি, কোম্পানির মূল্য কমপক্ষে ৭০ কোটি ডলার।
অ্যালিসন হাসানের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। একটি কর আইন ভঙের মামলা- ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে, আরেকটি ক্যালিফোর্নিয়ার আদালতে ডিভোর্স সংক্রান্ত মামলা । সিলিকন ভ্যালির হাই প্রোফাইল বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলছে। গত নভেম্বরে ডেলাওয়ারে মামলা করেন অ্যালিসন। আদালতের বিচারকও অবশ্য মত দিয়েছেন, এ কোম্পানির বাজারমূল্য ১০ কোটি ডলার হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
কোম্পানি বিক্রিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন অ্যালিসন, তবে আদালত নামঞ্জুর করেছেন। চলতি মাসেই এ মামলার নিষ্পত্তি হওয়ার কথা।
গুগলের আঁতুরঘর হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এখানেই ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের প্রথম সাক্ষাৎ, পরে বন্ধুত্ব। একইভাবে স্কট হাসানও স্ট্যানফোর্ডের ক্যাম্পাসে দুই বন্ধুর সঙ্গে জুটে গিয়েছিলেন। অ্যালিসনের সঙ্গে হাসানের সাক্ষাৎ হয় এ ক্যাম্পাসেই। সেটি ১৯৯০ এর দশকের ঘটনা। অ্যালিসন সেসব দিনের স্মৃতিচারণ করে বলেন, তাদের সম্পর্ক ছিল অনেক গভীর ও রঙিন। তারা দুজনেই তখন শিক্ষার্থী।
স্কট হাসান: গুগলের বিস্মৃত সহ-প্রতিষ্ঠাতা
বিস্মৃত গল্পটা যাকে ঘিরে তিনি স্কট হাসান। গুগলের যাত্রা শুরু হয় ল্যারি পেজ, সের্গেই ব্রিন আর স্কট হাসানের হাত ধরেই। খুব অল্প দিনের মাথায় হাসান গুগল ছেড়ে চলে যান। তবে প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তার সফলতাও খাটো করে দেখার উপায় নেই।










