পেরুর দক্ষিণাঞ্চলে ৯ মিলিয়ন বছরের পুরনো একটি প্রাগৈতিহাসিক শার্কের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। গবেষকরা মনে করছেন, এই শার্কটি আধুনিক যুগের গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ।

পেরুর পিসকো অববাহিকায় এই জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে। এ অঞ্চলটি প্রাগৈতিহাসিক সামুদ্রিক জীবের জীবাশ্মের জন্য বিখ্যাত। আবিষ্কৃত জীবাশ্মটি কসমোপলিটোডাস হাস্টালিস প্রজাতির একটি শার্কের। এই শার্কের দাঁতের দৈর্ঘ্য প্রায় ৮.৯ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পূর্ণবয়স্ক অবস্থায় এর পুরো দেহের দৈর্ঘ্য ছিল প্রায় ৭ মিটার, যা একটি ছোট নৌকার সমান।

Great White Shark

পূর্ণ বয়স্ক গ্রেট হোয়াইট শার্ক

পেরুর ভূতাত্ত্বিক ও খনি গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলী সিজার অগাস্তো চাকালতানা জানান, জীবাশ্মটি অসাধারণভাবে সংরক্ষিত ছিল। গবেষকরা এতে হাঙরের তীক্ষ্ণ দাঁতের জীবাশ্মসহ এর চোয়াল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও এর পেটের ভেতরে বেশ কিছু সার্ডিন মাছের অস্তিত্ব পাওয়া গেছে।

পেরুর প্যালিওন্টোলজিস্টরা (জীবাশ্মবিদ) এর আগেও এই অঞ্চলে ১০ মিলিয়ন বছর আগের একটি ছোট কুমিরের জীবাশ্ম উদ্ধার করেছিলেন। গত বছরের এপ্রিলে তারা পেয়েছিলেন এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডলফিনের মাথার খুলির জীবাশ্ম। রয়টার্স