দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটির সবচেয়ে বড় আকর্ষণ ক্রিসমাস ট্রি। অশুভ শক্তি হটাতে প্রতি বাড়িতে নানান রঙের বাতি, উপহার, মোমবাতি, ফুল ইত্যাদি দিয়ে সজ্জিত থাকে গাছটি। আর এমন একটি ক্রিসমাস ট্রির জন্য বেশ ভালো পরিমাণ টাকাই ব্যয় করতে হয়।
ক্রিসমাস ট্রির জন্য বিখ্যাত ইউরোপের জর্জিয়া। যার মধ্যে নর্ডম্যান ফার গাছটি ক্রিসমাস ট্রি হিসেবে বেশি জনপ্রিয়। বাজারের ৬০ শতাংশ চাহিদাই পূরণ করে এই গাছটি। তবে মাত্র ২ মিটার উচ্চতা বিশিষ্ট এমন একটি গাছ কিনতে ব্যয় করতে হবে ছয় থেকে নয় হাজার টাকা (৭২-৯২ মার্কিন ডলার)। আর বড়দিনের সময় জর্জিয়াতে এই গাছের দাম চারগুণ পর্যন্ত বাড়তে দেখা যায়।
অতীতে জর্জিয়ায় নর্ডম্যান ফার (ক্রিসমাস ট্রি) কিনতে খুব বেশি টাকা খরচ করতে হতো না। সে সময় বড়দিনের চাহিদা মেটাতে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করা হতো। কিন্তু এর ফলে বনাঞ্চল দ্রুত উজার হতে শুরু করায়, অবৈধ গাছ কাটা রোধে পদক্ষেপ গ্রহণ করে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
সমস্যা মোকাবেলায় ২০১১ সালে নতুন আইন প্রণয়ন করে জর্জিয়া কর্তৃপক্ষ। যেখানে অবৈধ গাছ কাটার শাস্তি হিসেবে রাখা হয় উচ্চমাত্রার জরিমানা। এতে করে অবৈধভাবে গাছ কাটলে গুণতে হতো প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা ( ৪১৫ মার্কিন ডলার)। যা কি না দেশটির নাগরিকদের গড় মাসিক আয় থেকেও বেশি। তখন দেশটির নাগরিকদের গড় মাসিক আয় ছিল সাড়ে ৩১ হাজার টাকা (৩৬৯ মার্কিন ডলার)। কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের ফলে কমতে শুরু করে অবৈধ বৃক্ষ নিধন, পাশাপাশি বাড়তে থাকে গাছের দাম।










