ইতালির একটি সংবাদপত্র দাবি করেছে, তারা বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি সংস্করণ প্রকাশ করেছে। রক্ষণশীল উদারপন্থী দৈনিক পত্রিকা ‘ইল ফোগলিও’ এ দাবি করেছে। পত্রিকাটি বলছে, এটা তাদের মাসব্যাপী সাংবাদিকতা পরীক্ষার অংশ। পরীক্ষার উদ্দেশ্য হলো এআই প্রযুক্তির প্রভাব কীভাবে কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে তা প্রদর্শন করা।
‘ইল ফোগলিও এআই’ নামে চার পৃষ্ঠার এই সংস্করণটি সংবাদপত্রের পাতায় যুক্ত হয়েছে। এটি বাজারেও দিয়েছে তারা। পত্রিকার সম্পাদক ক্লাউডিও চেরাসা বলেছেন, ‘এটি বিশ্বের প্রথম দৈনিক পত্রিকা যা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে। লেখা, শিরোনাম, উদ্ধৃতি, সারাংশ—সবকিছুই এআই দিয়ে তৈরি।’ তিনি আরো যোগ করেন, ‘সাংবাদিকদের ভূমিকা শুধু এআই টুলে প্রশ্ন করা ও উত্তর পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে’
এমন সময় তারা এ পরীক্ষা চালাল যখন বিশ্বজুড়ে সংবাদ সংস্থাগুলো এই প্রযুক্তির ব্যবহার নিয়ে নানারকম পরিকল্পনা করছে। দ্য গার্ডিয়ানের এক খবরে সম্পতি বলা হয়, বিবিসি নিউজ এআই ব্যবহার করে কন্টেন্ট বানানোর পরিকল্পনা করছে।
‘ইল ফোগলিও এআই’-এর প্রথম সংস্করণের প্রথম পাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে ইতালীয় ট্রাম্প সমর্থকদের ‘প্যারাডক্স’ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘১০টি বিশ্বাসঘাতকতা’ শিরোনামে একটি কলাম প্রকাশিত হয়েছে।
ইতালীয় অর্থনীতি নিয়ে একটি ইতিবাচক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আয়কর সংস্কারের ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি পেয়েছে, যা ইতালির অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত দেয়। দ্বিতীয় পাতায় প্রকাশিত হয়েছে ‘সিচুয়েশনশিপ’ নিয়ে একটি প্রতিবেদন, যেখানে তরুণ ইউরোপীয়দের স্থিতিশীল সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনগুলো সুসংগঠিত, সরল ও স্পষ্ট ছিল, যেখানে কোনো ব্যাকরণগত ত্রুটি দেখা যায়নি। তবে, কোনো প্রতিবেদনেই সরাসরি মানুষের উদ্ধৃতি দেওয়া হয়নি। শেষ পাতায় এআই দিয়ে তৈরি পাঠকদের চিঠি প্রকাশিত হয়েছে, যেখানে একজন প্রশ্ন করেছেন, ‘এআই কি ভবিষ্যতে মানুষকে অকেজো করে দেবে ‘ উত্তরে এআই লিখেছে, ’এআই একটি দুর্দান্ত উদ্ভাবন, কিন্তু এটি এখনো সঠিকভাবে কফি অর্ডার দিতে পারে না।’
সম্পাদক ক্লাউডিও চেরাসা বলেন, ইল ফোগলিও এআই একটি বাস্তব সংবাদপত্র। তবে এটি একটি পরীক্ষামূলক মঞ্চও বটে, যা দেখায় এই প্রযুক্তি দৈনিক পত্রিকা তৈরি করার ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘এটি শুধু আরেকটি ইল ফোগলিও, যা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এটিকে কৃত্রিম বলবেন না।’










