বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ​সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে এবং সংবিধান সংশোধন ছাড়াই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোরের শামিল’। তিনি বলেন, ‘জুলাই সনদে কিছু সাধারণ আইন যেমন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। তা না মেনে যা বলা হবে সেটাই বাস্তবায়নের দাবি কোনো আইনি পথ হতে পারে না।’

গতকাল দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদা স্মরণে এ সভার আয়োজন করে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

​স্মরণসভায় মরহুম শামসুল হুদাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শামসুল হুদা ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী এক রাজনীতিক। কোনো দিন কারো সঙ্গে কটু কথা বলেননি বা সংঘর্ষে জড়াননি। অভিভাবকের মতো এসে তিনি সবাইকে স্নেহ করতেন। আজকে যখন রাজনৈতিক অঙ্গনে মিথ্যাচার ও কলঙ্কলেপন বাড়ছে, তখন তার মতো অভিভাবকতুল্য নীতি-আদর্শে অটল নেতার অভাব আমরা তীব্রভাবে অনুভব করি।’ 

​মুগদা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ​ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা। ​

এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট ও মাসুদ হোসেনসহ স্থানীয় নেতারা।