বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমাদের সাত দফা দাবি জনতার। জনতার পাশে থাকতে আমরা রাস্তায় নেমেছি। কথা ছিল গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে রাষ্ট্র সংস্কার করা হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের একটি রায় ছিনতাই করা হয়েছে। আর গণভোটে জনগণের ৭০ ভাগ ‘হ্যাঁ’তে রায় দিয়েছে। আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে-জনগণ এর প্রতিশোধ নেবে।

গতকাল সন্ধ্যায় যশোরের মুড়লীর মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল এমপির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

যশোরের মুড়লীর মোড়ের পথসভা শেষে লংমার্চের বহর ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়। ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতারা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে গতকাল সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে লংমার্চের বহর শরীয়তপুরের জাজিরার নাওডোবা; ফরিদপুরের ভাঙ্গা; গোপালগঞ্জের কাশিয়ানী; বাগেরহাটের ফকিরহাটের নওয়াপাড়া মোড়; ফকিরহাটের কাঁটাখালী মোড়; খুলনা মহানগরীর বাবরি চত্বর ও ফুলতলা বাস্ট্যান্ডের পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।