প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প। খালটি দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রর জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি (শুল্ক ও মাশুল) আদায়ের নিন্দা জানিয়ে এমন হুমকি দেন তিনি। খবর এএফপি।
নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে।
পোস্টে ট্রাম্প লেখেন, পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে, চীন বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না ও তা হতে দেবোও না। পোস্টে ট্রাম্প আরও বলেন, যদি পানামা নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা কোনোরকম প্রশ্ন ছাড়াই পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাবো। তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণকাজ শেষ করে। ১৯৭৭ সালে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে এ খালের নিয়ন্ত্রণভার পানামার হাতে তুলে দেয়া হয়। ১৯৯৯ সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্য আমেরিকার দেশটি।










