যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। খবর রয়টার্স।

সংবাদমাধ্যমটি বলছে, নবনির্বাচিত এ মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট শনিবার জানিয়েছেন, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। কাশ প্যাটেল নামেই তিনি বেশি পরিচিত। আর মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন কাশ প্যাটেল। তিনি এর আগে এফবিআইর ভূমিকা বদলানোর প্রস্তাব করেছিলেন এবং ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত বলেও মত দিয়েছিলেন।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।