ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের এক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার স্নায়ুযুদ্ধের দুই শত্রু দেশের মাঝে ইউক্রেনের যুদ্ধ অবসান নিয়ে রিয়াদে ওই বৈঠক শুরু হয়েছে। তবে বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপের কোনো দেশের প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়নি। খবর রয়টার্স ও বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, বৈঠকে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অব্সান ও আমেরিকান-রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে। রিয়াদে বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে দৃশ্য ধারণের অনুমতি দেয়া হয়। পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনও শান্তিচুক্তি মানবে না ইউক্রেন।