যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে মানুষের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিউ অরলিন্সে গাড়ি হামলার সন্দেহভাজন হিসেবে টেক্সাসের ৪২ বছর বয়সী মার্কিন নাগরিক শামসুদ্দিন জব্বারের পরিচয় শনাক্ত করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসি।

গতকাল বুধবার (১ জানুয়ারি) নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোর্বন স্ট্রিটে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী একটি পিকআপ ট্রাক চালিয়ে দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেয়। এরপর চালক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পুলিশ এরপর তাকে গুলি করে হত্যা করে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হামলায় ব্যবহৃত ট্রাকে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের একটি পতাকা পাওয়া গেছে এবং তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে তদন্ত করছে।

তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারী শামসুদ্দিন জব্বার (৪২) মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি নিউ অরলিন্সে এয়ারবিএনবি ভাড়া করে থাকতেন। তদন্তকারীদের বিশ্বাস, নিউ অরলিন্স হামলায় সন্দেহভাজন একা দায়ী নন। এর পেছনে আরো মানুষের যুক্ততা থাকতে পারে।

সেই ট্রাক এবং আশপাশের এলাকায় সম্ভাব্য বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, এই হামলার সঙ্গে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের কোনো সংযোগ আছে কিনা। তবে তিনি বলেছেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য নেই।