যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ট্রাক উল্টে এতে থাকা প্রায় ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। মৌমাছির ঝাঁক থেকে বাসিন্দাদের দূরে রাখতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সীমান্তের কাছে একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। সেখানে মৌচাক বহনকারী ট্রাকটি উল্টে গেলে চারপাশে ছড়িয়ে পড়ে বিপুলসংখ্যক মৌমাছি। ট্রাকটিতে প্রায় ৭০ হাজার পাউন্ড বা ৩১ হাজার ৭৫০ কেজি ওজনের সক্রিয় মৌচাক ছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পর মৌমাছিগুলো আশপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে তারা দলবেঁধে উড়ছে। এমন পরিস্থিতি সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।
এই ধরনের মৌচাক অনেক সময় কৃষকদের ফসলের পরাগায়নের জন্য ভাড়া দেয়া হয়। পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উল্টে পড়া লরির চারপাশে হাজার হাজার মৌমাছি উড়ছে।
ওয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তাদের উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা বন্ধ থাকবে। সামাজিক মাধ্যমে সবাইকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
মৌমাছিগুলোকে পুনরায় তাদের মৌচাকে ফেরানোর জন্য ঘটনাস্থলে হাজির হয়েছেন দুই ডজনের বেশি অভিজ্ঞ মৌচাষী। মৌচাক পুনরায় স্থাপন ও মৌমাছিদের রানীর কাছে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন তারা প্রশাসনের ধারণা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ মৌমাছি নিজেদের মৌচাকে ফিরে আসবে।










