হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, আমেরিকার জনগণ ইউক্রেনের জন্য অর্থের বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অপ্রত্যাশিতভাবে তীব্র বাদানুবাদের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শেষ হওয়ার পর ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, তিনি (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি) এই যুদ্ধের বাস্তব পরিস্থিতি স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
লেভিট আরো বলেন, এই যুদ্ধ বহু বছর ধরে চলছে, তার দেশের মানুষ মারা যাচ্ছে, আর যারা এই প্রচেষ্টার জন্য অর্থ প্রদান করে আসছে, সেই আমেরিকান জনগণ, তারা আর এই বোঝা বইতে চায় না।
তিনি বলেন, জেলেনস্কি এখন অনেক ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা ২০২২ সালে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় একেবারেই আলাদা। পরিস্থিতি তার পক্ষে নেই, বরং পরিস্থিতি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে।
ক্যারোলিন আরো বলেন, ট্রাম্পের অগ্রাধিকারের বিষয়গুলো আগের মার্কিন প্রশাসনের চেয়ে ভিন্ন এবং তিনি যুদ্ধের অবসান চান। কিন্তু জেলেনস্কি এখনো সেটা চাচ্ছেন বলে মনে হচ্ছে না।
উল্লেখ্য, হোয়াইট হাউসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়। উভয় নেতার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র বাদানুবাদ হয়, যা বিশ্ব মিডিয়ার সামনেই ঘটে। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি।









