যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীত সদস্য এবং হোয়াইট হাউসের জন্য নির্বাচিত কয়েকজন ব্যক্তি বোমা হামলার হুমকিতে রয়েছে বলে জানিয়েছে এফবিআই। সংস্থাটি জানান, তারা অসংখ্য বোমা হামলার হুমকি এবং ‘সোয়াটিং ইনসিডেন্টস’ বা ভুয়া ফোনকলের মাধ্যমে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানির বিষয়ে অবগত। খবর বিবিসি।
প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের প্রধান হিসাবে নির্বাচিত অন্তত নয়জন ব্যক্তির পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের জন্য ট্রাম্পের মনোনীত প্রার্থীসহ অন্যদের বিরুদ্ধে হুমকি দেয়া হয়েছে। গত মঙ্গল (২৬ নভেম্বর) ও বুধবার ঘটা এসব বোমা হামলার হুমকির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা ‘সহিংস, অ-আমেরিকান হুমকির’ শিকার হয়েছেন, যা তাদের এবং তাদের পরিবারের জীবনের জন্য হুমকি। তিনি বলেন, আমাদের উদাহরণ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প আছেন। ভয় দেখানো বা সহিংস কাজ আমাদের দমিয়ে রাখতে পারবে না।
লেভিট বা এফবিআই কেউই বোমা হামলার লক্ষ্যবস্তুদের নাম প্রকাশ করেনি।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত নিউইয়র্কের রিপাবলিকান এলিস স্টেফানিক প্রথমে বলেছিলেন যে, তার বাড়িতে বোমার হামলার হুমকি দেয়া হয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য মনোনীত পিট হেগসেথও পরে নিশ্চিত করেছেন যে, তিনিও টার্গেট ছিলেন।
নির্বাচনী প্রচারণায় সময় দুইবার হত্যার চেষ্টার শিকার হওয়া ট্রাম্প এই বোমা হামলার হুমকি পাননি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে আইন প্রয়োগকারী সূত্র।
তবে ট্রাম্প সম্প্রতি প্রকৃত হুমকির সম্মুখীন হয়েছেন। অ্যারিজোনার কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন, যিনি প্রায় প্রতিদিনই ভিডিও পোস্ট করে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন।
এই সপ্তাহে হুমকি পাওয়া কেউই মার্কিন সিক্রেট সার্ভিসের সুরক্ষার অধীনে ছিলেন না বলে মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে।










