মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য ছুড়ে দিয়ে তাকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। আর এ ঘটনা তাদের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো গভীর করেছে। খবর বিবিসি।

এই আক্রমণাত্মক মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন সৌদি আরবে অনুষ্ঠিত মার্কিন-রাশিয়া আলোচনায় ইউক্রেনকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট মস্কোর দ্বারা পরিচালিত এক বিভ্রান্তিমূলক পরিসরে বাস করছেন।

ফ্লোরিডায় সৌদি সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কি একমাত্র যে কাজটিতে ভালো ছিলেন, তা হলো জো বাইডেনকে একটি বেহালার মতো বাজানো। তিনি আরো বলেন, জেলেনস্কি নির্বাচন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তিনি বাস্তবে ইউক্রেনীয় জনমত জরিপে নিচের দিকে রয়েছেন। প্রতিটি শহর ধ্বংস হয়ে গেলে কেউ কীভাবে জনপ্রিয় হতে পারে?

এ মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রুথ সোশ্যাল-এ একই শব্দ ব্যবহার করে ট্রাম্প পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেন, জেলেনস্কি খুবই খারাপভাবে কাজ করেছেন, তার দেশ বিধ্বস্ত, এবং লক্ষ লক্ষ মানুষ অহেতুক মারা গেছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প দাবি করেন, তিনি ইউক্রেন থেকে বিরল খনিজ আহরণের চুক্তি করার চেষ্টা করেছিলেন, কিন্তু জেলেনস্কির সরকার সে চুক্তি ভেঙে দিয়েছে।

তবে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার প্রতিক্রিয়া এসেছে ইউরোপ থেকে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করা সরাসরি ভুল এবং বিপজ্জনক।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার জেলেনস্কির প্রতি তার সমর্থন প্রকাশ করে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, স্যার কিয়ার ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হিসেবে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। মুখপাত্র আরো বলেন, যুদ্ধকালীন সময়ে নির্বাচন স্থগিত রাখা একেবারে স্বাভাবিক, যেমনটি যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করেছিল।

জেলেনস্কির পাঁচ বছরের কার্যকাল ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে এবং স্থগিত করা হয়েছে নির্বাচন।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও ট্রাম্পের ‘স্বৈরশাসক’ মন্তব্যের সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, জেলেনস্কির ‘বিভ্রান্তিমূলক তথ্য’ সংক্রান্ত মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই ট্রাম্প ওই পোস্ট করেছেন।