যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিডব্লিউই) সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকম্যানকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিন্ডা ডব্লিউডব্লিউইয়ের সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকম্যানের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন। খবর বিবিসি।

ডব্লিউডাব্লিউই–এর সাবেক নির্বাহী ম্যাকম্যান ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ট্রাম্পের ‘ট্রানজিশন টিমের’ একজন সহ-সভাপতি হিসেবে কাজ করছেন।

২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত কানেটিকাট অঙ্গরাজ্যের শিক্ষা বোর্ডে থাকা ছাড়া শিক্ষাখাতে লিন্ডা ম্যাকমাহনের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া একটি বেসরকারি ক্যাথলিক স্কুল স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে ১৬ বছর কাজ করার কথা উল্লেখ করেছেন।

ট্রুথ সোশালে ট্রাম্প তার মনোনয়ন ঘোষণা করে বলেছেন যে, লিন্ডা ম্যাকম্যান তার কয়েক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা এবং শিক্ষা ও ব্যবসা নিয়ে গভীর বোঝাপড়া দিয়ে পরবর্তী প্রজন্মের আমেরিকান ছাত্র এবং কর্মীদের ক্ষমতায়ন করবেন।

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকম্যান শিক্ষামন্ত্রী হিসেবেও প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ এর ধারণাটি হলো— আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবার সমান সুযোগ পাবে।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ নিয়ে প্রচুর সমালোচনা করেছেন ট্রাম্প এবং এই বিভাগকে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে শিক্ষা বিভাগ বন্ধ করার দায়িত্ব পড়বে লিন্ডার ওপর।

লিন্ডা ম্যাকম্যান ২০০৯ সালে মার্কিন সিনেটের জন্য লড়াই করতে ডব্লিউডব্লিউই ছেড়েছিলেন এবং ট্রাম্পের জন্য একজন প্রধান দাতা হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে আমেরিকান কর্মী কেন্দ্রের সভাপতিত্ব করেছেন।

মিলওয়াকিতে রিপাবলিকান কনভেনশনে লিন্ডা ম্যাকম্যান বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন সহকর্মী এবং একজন বস, সেইসঙ্গে একজন বন্ধু বলার সুযোগ পেয়ে সম্মানিত।