বাশার আল-আসাদকে উৎখাতের পর সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারআকে ধরিয়ে দেয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্টার্ন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন। তিনি এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পরিদর্শন করে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। তারপর এসেছে পুরষ্কার বাতিলের ঘোষণা। খবর আল জাজিরা।

চলতি মাসের শুরুতে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে পরিচালিত আন্দোলনে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল সিরিয়ায় মার্কিন কূটনীতিকদের প্রথম সফর।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারআ এই বিদ্রোহী গোষ্ঠীটির নেতা। তিনি একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন।

বারবারা লিফ জানান, শুক্রবারের আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্র আল-শারআর জন্য পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই বার্তার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেন কোনো হুমকি সৃষ্টি করতে না পারে তার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত ছিল।

লিফ সাংবাদিকদের বলেন, আলোচনার ভিত্তিতে আমি তাকে (আল-শারআ) জানিয়েছি যে, বছরের পর বছর কার্যকর থাকা ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ পুরস্কার প্রস্তাবটি আর এগিয়ে নেব না। এ সময় অন্তর্ভুক্তি এবং বিস্তৃত পরামর্শের গুরুত্বও তুলে ধরেছি।

তিনি আরো বলেন, আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি একটি সিরিয়া নেতৃত্বাধীন এবং সিরিয়া নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রক্রিয়া, যা একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দিকে নিয়ে যাবে। সে প্রক্রিয়া সকল সিরীয়, বিশেষ করে নারীদের এবং সিরিয়ার বৈচিত্র্যময় জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকারকে সম্মান করবে।