আগামীকাল সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে মার্কিন ফেডারেল কর্মচারীদের কাজের রিপোর্ট জমা দিতে হবে, নইলে চাকরি ছাড়তে হবে। এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও সরকারি ব্যয় সংকোচন বিভাগ ডজের প্রধান ইলন মাস্ক। খবর রয়টার্স।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি কর্মচারীদের ইমেইল পাঠিয়ে এ নির্দেশ জানিয়েছে। ইমেইলগুলো পাঠানোর কিছুক্ষণ পর ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, ইমেইলের জবাব না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে।
মাস্ক লেখেন, সব ফেডারেল কর্মচারীদের শিগগিরই একটি ইমেইল পাঠিয়ে জানতে চাওয়া হবে, গত সপ্তাহে তারা কী কাজ করেছেন। উত্তর দিতে ব্যর্থ হলে, তা পদত্যাগ হিসেবে ধরা হবে।
মাস্ক তার এই পোস্টটি করার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেন, ২৩ লাখ সদস্যের বিশাল ফেডারেল কর্মীবাহিনীকে ছাঁটাই ও পুনর্গঠনের কাজে ডজকে আরো আক্রমণাত্মক হতে হবে।
শনিবার সন্ধ্যার মধ্যে ফেডারেল সংস্থাগুলোর কর্মীদের কাছে ইমেইল পাঠানো সম্পন্ন হয়। যার মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ), সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং অন্যান্য সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
ইমেইলের বিষয় ছিল, ‘আপনি গত সপ্তাহে কী করেছেন?’ ইমেইলটিতে কর্মচারীদের পাঁচটি বুলেট পয়েন্টে গত সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে। সেখানে কর্মচারীদের সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় দেয়া হয়েছে উত্তর দেয়ার জন্য।
ফেডারেল কর্মচারীদের চাকরিচ্যুত করার জন্য মাস্কের কোনো আইনি ভিত্তি আছে কিনা তা স্পষ্ট নয়। যদি তারা এই অনুরোধের জবাব না দেন বা যদি তারা গোপনীয় কাজের বিবরণ দিতে না পারেন তবে কী হবে সেটাও বলা হয়নি।
মার্কিন প্রশাসনের দায়িত্বে থাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অব দ্য ইউএস কোর্টস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডজের একজন মুখপাত্রও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মার্কিন ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এএফজিই এক বিবৃতিতে বলেছে যে, তারা যেকোনো ‘অবৈধ বরখাস্তের’ বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে। এএফজিই প্রেসিডেন্ট এভারেট কেলি বলেন, আরো একবার ইলন মাস্ক এবং ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মচারীদের এবং আমেরিকান জনগণের জন্য তাদের গুরুত্বপূর্ণ সেবার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করল।









