পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানের বিরুদ্ধে আরো ‘নৃশংস’ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘চুক্তি না করলে আর কিছুই বাকি থাকবে না।’ খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
পোস্টে ট্রাম্প আরো লিখেছেন, ‘সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে এখনই চুক্তিতে আসতে হবে। এরইমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস দেখা গেছে, তবে এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ থামানোর। কারণ সামনে যেসব হামলার পরিকল্পনা আছে, সেগুলো আরও ভয়ানক হবে।’
তিনি আরো বলেন, ‘ইরান চুক্তি করুক—এর আগে যে কিছুর নাম ছিল ইরানি সাম্রাজ্য, অন্তত সেটুকু বাঁচানো যাক। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়। এখনই করো এটা, পরে নয়!’
ট্রাম্পের এমন মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতার ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি, সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি ও পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। এর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে।
তবে ট্রাম্পের এমন আগ্রাসী অবস্থানের বিপরীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, ‘আমেরিকা এই হামলায় জড়িত নয়। আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে রক্ষা করা।’










