২০২৫ সালে গুগলের সার্চ ইঞ্জিনে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই। নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে তিনি বলেন, ‘গুগল এখন আগের চেয়ে আরো জটিল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে।’ ২০২৫ সালের শুরুতেই সার্চ ইঞ্জিনের এ নতুন কর্মদক্ষতার দেখা পাওয়া যাবে বলে জানান পিচাই। খবর এনডিটিভি।

এর আগে গুগল ও এআইয়ের প্রতিযোগিতা প্রসঙ্গে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেছিলেন, ‘গুগলকে স্বয়ংক্রিয়ভাবে এআই প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা উচিত ছিল।’ এ মন্তব্যের প্রসঙ্গে সুন্দর পিচাই গুগল ও মাইক্রোসফটের এআই মডেলগুলোর মধ্যে তুলনা করার প্রস্তাব দেন। তিনি জানান, মাইক্রোসফট তাদের নিজস্ব মডেল তৈরি করে না, তারা ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল। এ সময় পিচাই এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তন তুলে ধরে বলেন, ‘আমরা একটি বড় পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে আছি। সামনে অনেক উদ্ভাবন আসছে এবং আমরা এক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য নিবেদিত।’

এরই মধ্যে গুগল এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের সার্চ প্লাটফর্মে নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে। এতে রয়েছে এআই জেনারেটেড সারাংশ ও ভিডিওভিত্তিক অনুসন্ধানের জন্য উন্নত লেন্স টুল। গুগল তাদের নতুন জেমিনি এআই মডেল নিয়েও কাজ করছে।

এছাড়া পিচাই ব্যাখ্যা করেছেন, কেন গুগল তার বিখ্যাত ফ্রি মিল পলিসি বা বিনামূল্যের খাবার নীতিতে এত বেশি বিনিয়োগ করে।

তিনি বলেন, ‘এ খাবার শুধু কর্মীদের সুবিধা দেয় না, এটি তাদের সৃজনশীল চিন্তা জাগিয়ে তোলে। গুগলে কাজের শুরুর দিনগুলোয় সহকর্মীদের সঙ্গে খাওয়ার সময় অসংখ্য নতুন ধারণা উদ্ভাবন হয়েছে।’