ক্লাউড অবকাঠামো, ল্যাঙ্গুয়েজ বা ভাষার মডেল ও জেনারেটিভ অ্যাপ্লিকেশনের উন্নয়নে নতুন চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এনভিডিয়া। ভারতের কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা গ্রুপের সঙ্গে নতুন এ চুক্তি সম্পন্ন হয়েছে। খবর রয়টার্স ও টেকক্রাঞ্চ।
বিশ্লেষকদের মতে, ব্যবসা খাতে ভারতের অন্যতম দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এআই ইকোসিস্টেম তৈরিতে সুবিধা পাবে চিপ নির্মাতা কোম্পানিটি। কেননা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি চীনসহ বেশকিছু দেশে চিপ রফতানি করতে পারছে না। চলতি সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সাক্ষাতে এআই খাতে ভারতের অগ্রসর হওয়ার সম্ভাব্যতার বিষয়ে আলোচনা হয়।
রিলায়েন্সের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ক্লাউড এআই অবকাঠামো প্লাটফর্ম তৈরিতে কম্পিউটিং পাওয়ার সরবরাহ করবে এনভিডিয়া। অন্যদিকে রিলায়েন্স ইউনিট জিও অবকাঠামো এবং গ্রাহকের অংশগ্রহণের বিষয়টি দেখভাল করবে। এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, জিওর ৪৫ কোটি গ্রাহকের জন্য রিলায়েন্স এআই অ্যাপ্লিকেশন ও পরিষেবা চালু করবে রিলায়েন্স, যা ভারতজুড়ে থাকা সাধারণ গ্রাহক, বিজ্ঞানী, ডেভেলপার ও স্টার্টআপদের এআই অবকাঠামো ব্যবহারের সুবিধা দেবে।
সম্মিলিত বিবৃতিতে কোম্পানিগুলো জানায়, ভারতের অন্যতম সফটওয়্যার পরিষেবা রফতানিকারক টাটা কনসালট্যান্সি সার্ভিসেস এনভিডিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি ব্যবহার করবে। জেনারেটিভ এআই অ্যাপ ও সুপারকম্পিউটার তৈরিতে এটি সহায়ক হবে। এছাড়া টিসিএস চুক্তির অধীনে ৬০ হাজার বেশি দক্ষ কর্মী তৈরি করবে বলে সূত্রে জানা গেছে।
ওপেনএআইয়ের জেনারেটিভ এআই চ্যাটবট চ্যাটজিপিটিকে কম্পিউটিং সিস্টেমে ব্যবহারের দিক থেকে এককভাবে এগিয়ে এনভিডিয়া। এআইনির্ভর এসব অ্যাপ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে পরিচিত। কেননা এটি টেক্সটের মাধ্যমে নির্দেশনা নেয় এবং মানুষের মতো উত্তর দিয়ে থাকে। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি আগেও এআইনির্ভর কম্পিউটিং চাহিদা পূরণে ভারতে উন্নত ডিজিটাল অবকাঠামো নির্মাণের কথা জানিয়েছেন।
নতুন চুক্তির মাধ্যমে রিলায়েন্স এনভিডিয়ার গ্রেস হপার সুপারচিপ ব্যবহারের সুবিধা পাবে। চ্যাটজিপিটির মতো অ্যাপ ব্যবহারে যে এআই ইন্টারফেয়ারেন্স কার্যক্রমের প্রয়োজন হয় সেটি পরিচালনায় এ চিপ কার্যকর। রিলায়েন্স জানায়, নতুন এআই অবকাঠামো ভারতে এআই প্রকল্প, চ্যাটবট, ওষুধ আবিষ্কার ও আবহাওয়াসংক্রান্ত গবেষণা পরিচালনার গতি বাড়িয়ে দেবে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের নেইল শাহ জানান, জিও ভারতের লাখো ব্যবহারকারীকে পরিষেবা দিয়ে থাকে। তাদের সংরক্ষিত তথ্য ভালোভাবে পরিচালনার পাশাপাশি টেলিকমের বাইরে উন্নত পরিষেবা প্রদানকারী হয়ে ওঠার জন্য এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘নতুন এআই অবকাঠামো খুচরা ব্যবসা, টেলিকম ও আর্থিক খাতে উন্নত পরিষেবা নিশ্চিত করবে। এছাড়া পণ্য ও পরিষেবা বাড়বে।’ অন্য এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনে কার্যক্রম শুরুর কথাও ভাবছে রিলায়েন্স।










