নকিয়ার ক্ল্যাসিক সেলফোন স্নেক গেম খেলেনি, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। কালের বিবর্তনে স্মার্টফোন বাজারে প্রবেশের পর ফিচার ফোন হারিয়ে গেছে। সেই সঙ্গে পুরনো সেই স্নেক গেমও হারিয়েছে। তবে শৈশবের স্মৃতিতে যারা হারিয়ে যেতে চায় তাদের জন্য পুনরায় গেমটি খেলার সুবিধা দিতে যাচ্ছে ফেসবুক। খবর এইচটি টেক।
ফেসবুক ব্যবহারকারীরা এখন নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে নকিয়ার স্নেক গেম খেলতে পারবেন। এইচএমডি গ্লোবাল নকিয়ার এ ক্ল্যাসিক স্নেক গেম বিশ্বব্যাপী সব ফেসবুক ব্যবহারকারীর জন্য চালু করে দিয়েছে। স্নেক গেম ফেসবুকে একটি নতুন এআর ফিল্টার রয়েছে, যা সামাজিক মাধ্যমে থাকা ক্যামেরা অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়।
অ্যান্ড্রয়েড ও আইওএস যেকোনো ডিভাইসেই গেমটি খেলা যাবে। গেমটি স্নেক মাস্ক নামে একটি এআর ফিল্টার হিসেবে পাওয়া যাবে। স্নেক রিয়েল ওয়ার্ল্ডে গেমটি খেলা যাবে। তবে এআর ফিল্টারের কারণে ব্যবহারকারীদের মুখকে একটি বিশাল সবুজ সাপে পরিণত করবে। ফলে শুরুতে খানিকটা অস্বস্তি হতে পারে।
গেমটি খেলার জন্য প্রথমেই ফেসবুকের সর্বশেষ সংস্করণটি আপডেট করতে হবে। এরপর অ্যাপের ওপরের বাম কোনায় অবস্থিত ফেসবুক ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। তারপর ফিল্টার আইকনটি সিলেক্ট করতে হবে এবং সবুজ সাপের ফিল্টারটি সার্চ করতে হবে। স্নেক মাস্ক ফিল্টার সেলফি ক্যামেরার মাধ্যমে অ্যাকসেসযোগ্য হবে। স্নেক রিয়েল ওয়ার্ল্ডের জন্য এটি পেছনের ক্যামেরার মাধ্যমে অ্যাকসেস করা যাবে। এখানে ব্যবহারকারীরা নিজেদের সাপে পরিণত করে এবং খাওয়ার মাধ্যমে গেমটি খেলতে পারেন।
ফেসবুক লাইভের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্নেক গেমপ্লে লাইভস্ট্রিম করতে পারবেন এবং মাল্টি-প্লেয়ার চালু করার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন।










