প্রথমবারের মতো ডেভেলপার কনফারেন্স ডেকেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এ কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের ওয়েবসাইটে বুধবার এ ঘোষণা দেয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটি বলছে, ওপেনএআই ডেভ ডে ইভেন্ট শীর্ষক একদিনের এ আয়োজনে মূল বক্তব্য দেবেন তাদের প্রযুক্তিগত টিমের সদস্যরা। তারা নতুন টুলস ও এক্সচেঞ্জ আইডিয়া তুলে ধরে বিষয়গুলো অংশগ্রহণকারীদের চিন্তাশক্তির ওপর ছেড়ে দেবেন। এছাড়া একটি ব্রেকআউট সেশন থাকবে। অর্থাৎ সম্মেলনে অংশগ্রহণকারীরা ছোট দলে ভাগ হয়ে আরো বিস্তারিত আলোচনার সুযোগ পাবেন। 

জিপিটি-৪ উন্মুক্ত হওয়ার পর দুনিয়াজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। তখন অনেকেই ধারণা করছিলেন কোম্পানিটি জিপিটি-৫-কে প্রশিক্ষণ দিচ্ছে। যদিও কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের দাবি, তারা জিপিটি-৫-কে প্রশিক্ষণ দিচ্ছে না। গত এপ্রিলে এমআইটিতে এক সেমিনারে তিনি বলেছিলেন, ‘আসলে আমাদের বোঝা উচিত কখন নিজেদের থামাতে হবে। প্রযুক্তির সময়টা আগে বুঝে নেয়া জরুরি।’ তবে তার ওই বক্তব্যের পরও জিপিটি-৫ নিয়ে গুঞ্জন এখনো থামছে না। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কনটেন্ট ওয়াটারমার্ক করার নতুন কৌশল হয়তো সেভাবে বিস্ময়কর কিছু নয়। তবে ভয়ের জায়গাটি হচ্ছে তথ্যগত ভুল ও অপব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয়গুলো। ওপেনএআই সম্প্রতি সক্ষমতাজনিত দুর্বলতার কারণে এআই-জেনারেটেড টেক্সট শনাক্ত করতে ইন-হাউজ টুলসের ওপর জোর দিচ্ছে। ডেভেলপার সম্মেলনে এ বিষয়টিও সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

ওপেনএআই ডেভ ডে ইভেন্ট যদিও অফলাইনে হবে তবে মূল বক্তব্যসহ সম্মেলনের কিছু অংশ অনলাইনেও সম্প্রচার করা হবে। ওপেনএআই বলছে, আগামী সপ্তাহে তাদের এ আয়োজনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। আর এতে উপস্থিতি কয়েকশ ডেভেলপারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ডেভেলপারদের নতুন জিনিস তৈরি করতে সক্ষম করে তোলার জন্য আমাদের সর্বশেষ কাজ দেখাতে উন্মুখ হয়ে আছি।’ 

ডেভেলপারদের নিয়ে দিনব্যাপী একটি সম্মেলন প্রয়োজন কেন এর ব্যাখ্যায় ওপেনএআই বলছে, ডেভেলপার কমিউনিটির জন্য এর প্রয়োজন রয়েছে। কেননা, বিপুলসংখ্যক মানুষ এর সঙ্গে যুক্ত। ২০ লাখেরও বেশি ডেভেলপার তাদের এআই টুলগুলো ব্যবহার করেন। এই টুলগুলোর মধ্যে জিপিটি-৪ এবং চ্যাটজিপিটি উল্লেখযোগ্য। এছাড়া টেক্সট টু ইমেজ মডেল ডিএএলএল-ই-২ এবং স্বয়ংক্রিয় স্পিচ রিকগনিশন মডেল হুইস্পারও রয়েছে। 

ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়ার পর থেকেই ঝড় তুলেছে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার এ চ্যাটবট টুল নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এরই মধ্যে মাইক্রোসফটের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানটিতে আগেই বিনিয়োগ ছিল মাইক্রোসফটের।