বিপজ্জনক হুমকি হিসেবে বিবেচিত একটি ম্যালওয়্যারে ভুগছে ম্যাক। এটি এসেছে মূলত গুগল সার্চের ম্যালিশাস বা ক্ষতিকর বিজ্ঞাপন থেকে। ম্যাকে এমন অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যার নিয়ে উদ্বিগ্ন সাইবার বিশেষজ্ঞরা। খবর টেক টাইমস
অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যারের আক্রমণ অবশ্য এটিই প্রথম নয়। এর আগেও এ ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে ম্যাক ব্যবহারকারীকে।
ম্যাক ব্যবহারকারীরা নতুন করে যে হুমকির মুখোমুখি হয়েছেন সেটি হলো অ্যাটমিক ম্যাকস স্টিলার ম্যালওয়্যার। এটি গুগল সার্চের বিজ্ঞাপনের মাধ্যমে শিকারের অপেক্ষায় থাকে। গবেষকরা বলছেন, এটি একটি ‘ম্যালভারটাইজিং ক্যাম্পেইন’ যেখানে বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের টার্গেট করে ব্যবহার করা হয়। হ্যাকাররা এটিকে তাদের এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করে।
যদিও এটি ওএসএক্সের জন্য অ্যাটমিক স্টিলার নয়। তবে এর নতুন সংস্করণ। এটি আই ক্লাউড কিচেন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য, ক্রিপ্টো ওয়ালেট এবং আরো অনেক কিছু চুরি করতে সক্ষম। ফলে স্বভাবতই ম্যালওয়্যারটি বেশ বিপজ্জনক। তবে ভালো খবর হচ্ছে এ সমস্যার একটি সমাধানও রয়েছে, তা হচ্ছে এটি নিজ থেকেই কম্পিউটারকে সংক্রমিত করার সুযোগ পাবে না বরং ব্যবহারকারীকে আকৃষ্ট করে তার মাধ্যমে ম্যালওয়্যারটি নির্দিষ্ট ডিভাইসে অনুপ্রবেশ করবে।
নাইন টু ফাইভ ম্যাকের পরামর্শ, ব্যবহারকারীরা বিশ্বাসযোগ্য নয়, এমন কোনো উৎস থেকে যেন সফটওয়্যার ডাউনলোড না করেন। সে সঙ্গে ম্যাকওএস গেটকিপার সুরক্ষাগুলো এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রাহকের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।










