চীনবিষয়ক হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটি সম্প্রতি বলেছে, যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের উচিত হুয়াওয়ে ও চীনের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর ফার্মগুলোতে সব ধরনের প্রযুক্তি রফতানি বন্ধ করা। বিশেষ করে হুয়াওয়ে ফোনে নতুন চিপ নির্মাণের পরে, যা বাণিজ্যিক নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে। খবর রয়টার্স।
চীনের ইলেকট্রনিকস জায়ান্ট হুয়াওয়ে গত সপ্তাহে মেট সিক্সটি প্রো ফোন বাজারে ছেড়েছে। এ খবরে প্রভাবশালী রিপাবলিকান আইনপ্রণেতা মাইক গ্যালাঘরের নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি বাইডেন প্রশাসনকে চীনে মার্কিন প্রযুক্তি পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান নিতে চাপ দিয়েছে। কেননা ফোনটিতে এমন একটি চিপ রয়েছে যা বিশ্লেষকরা মনে করেন সেমিকন্ডাক্টর ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং করপোরেশনের (এসএমআইসি) দ্বারা চিপ নির্মাণ প্রযুক্তিতে অসামান্য সাফল্য অর্জনের নমুনা।
গ্যালাঘের সম্প্রতি বিবৃতিতে বলেন, ‘এ চিপটি মার্কিন প্রযুক্তি ব্যবহার ছাড়া উৎপাদন হওয়ার কথা না। চীনের এসএমআইসি অব্যশই ডিপার্টমেন্ট অব কমার্সের বৈদেশিক পণ্য আইন লঙ্ঘন করে থাকতে পারে। তাই সময় এসেছে হুয়াওয়ে ও এসএমআইসির উভয়ের কাছে সব ধরনের মার্কিন প্রযুক্তি রফতানি সম্পূর্ণ বন্ধ করে দেয়া। যেসব ফার্ম যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে ও যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে তাদের মার্কিন প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করা হবে।’
যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকায় হুয়াওয়েকে ২০১৯ সালের মে মাসে বাণিজ্য নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করেছিল।










