অধিনায়ক শুবমান গিলের দেড়শো রানের ইনিংস ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে ভর করে প্রথম ইনিংসে চারশ রান তুলেছে ভারত। বুধবার প্রথম দিনের খেলা শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন গিল। ভারতের সংগ্রহ ছিল ৩১০/৫। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনও দারুণ ব্যাটিংয়ে দলকে টানতে থাকেন গিল। ২৬৩ বল খেলে পৌঁছে যান দেড়শ রানে। এ প্রতিবেদন লেখার সময় ১১০ ওভারে ৬ উইকেটে ৪১৯ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যায় ভারত। গিল ১৬৮ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে অপরাজিত ছিলেন।

৩৪তম টেস্টে এটা গিলের সপ্তম সেঞ্চুরি। জাদেজা পঞ্চম টেস্ট সেঞ্চুরির পথে ছুটছিলেন। তার ছক্কাই ৩৯৯ থেকে ৪০৫ রানে পৌঁছে যায় ভারত। এরপরই তিনি ৮৯ রানে আউট হয়ে যান। গিলকে নিয়ে ২৭৯ বলে ওভারে ২০৩ রানের জুটি গড়েন জাদেজা। এর আগে প্রথম দিন ১০৭ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ওপেনার জয়সোয়াল।

টানা দুই টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন গিল। লিডস টেস্টে ১৪৭ রানের ইনিংস খেলেন তিনি। ওই টেস্টে ভারতের হয়ে জোড়া সেঞ্চুরি করেন ঋষভ পন্ত এবং একটি করে সেঞ্চুরি পান লোকেল রাহুল ও যশস্বী জয়সোয়াল। এরপরও ভারত ছিল পরাজিত দল। তাদের ছুড়ে দেয়া ৩৭১ রানের টার্গেট সফলভাবে তাড়া করে ইংল্যান্ড।