রাজশাহীতে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ হারাল বাংলাদেশ ইমার্জিং দল। আগে ব্যাটিং করে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে অতিথিরা ১৯১ রানে গুটিয়ে যায়।
আগের দুই ম্যাচেই তিনশোর্ধ্ব সংগ্রহ গড়ে অতিথিরা। ১২ মে ৩০২ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। ১৪ মে পরের ম্যাচে ৩৩৩ রান তাড়া করতে নেমে আকবর আলীর দল ৩২২ রান তুলতে সমর্থ হয়। বাংলাদেশ দল হার মানে মাত্র ১০ রানে। এবার অবশ্য ছোট স্কোর নিয়েও জিতল লাল-সবুজ জার্সিধারীরা।
মাহফুজুর রহমান রাব্বি ৭৭ বলে ৫৮, রাকিবুল হাসান ৪০ বলে ৪২ ও আকবর আলী ৫১ বলে ৩৮ রান করেন। সেসোনা সেপো এনদোয়ানদো ২৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ৩৮.২ ওভারে ১৯১ রান তুলে অলআউট হয়ে যায় প্রোটিয়া যুবারা। স্পিনার রাকিবুল ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন টিয়ান মিচেল ভন বুরেন। এছাড়া ৪৭ বলে ৩৭ রান করেন নকোবানি হ্যান্ডসাম। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মাহফুজুর ও ওয়াসী সিদ্দিকী।










