গত বছর নভেম্বর মাসে আবুধাবি টি-টেন ক্রিকেটে খেলার পর আর পেশাদার ক্রিকেটে দেখা যায়নি সাকিব আল হাসানকে। তিনি ছিলেন বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞায়। সেই খড়্গ কাটিয়ে দীর্ঘ ৬ মাস পর পেশাদার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আজ রোববার রাতে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচটি লাহোরের জন্য বাঁচা-মরার। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে শাহিন শাহ আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন সাকিব।

লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের (আজ) ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’

কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে লাহোর। ভারত-পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস ও বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের অনুপস্থিতিই সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। শ্রীলংকার ভানুকা রাজাপক্ষেও যোগ দিচ্ছেন লাহোরে, যিনি গত জানুয়ারির পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

sakib lahore

ক্যারিয়ারজুড়েই বিশ্ব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন সাকিব। আইপিএল, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ অনেক দেশে লিগ খেলেছেন তিনি। পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছেন। এবার খেলবেন লাহোরের হয়ে। ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই লিগে লাহোরের হয়ে খেলেছেন রিশাদ। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি চমক দেখান। সব মিলে পাঁচ ম্যাচ খেলে নেন ৯ উইকেট। এবার সাকিবের ওপরও প্রত্যাশা থাকবে দলটির ।

৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে লাহোর। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার জালমি আছে পাঁচে। এক থেকে তিন পর্যন্ত পজিশনে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড।