আগামী ২০ থেকে ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ সিরিজের জন্য আজ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগা এ দলটিকে নেতৃত্ব দেবেন। চোটের কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই সাবেক সহ-অধিনায়ক স্পিনার শাদাব খান ও পেস বোলার হারিস রউফ। বাদ পড়েছেন হাসান আলী, ইরফান খান, নাসিম শাহ ও মোহাম্মাদ ওয়াসিম।

গত মে-জুনে বাংলাদেশের বিপক্ষেই ঘরের মাঠে নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ওই সিরিজে বাংলাদেশকে ৩-০তে হারায় সালমান আগার দল। বাংলাদেশ বর্তমানে শ্রীলংকা সফরে রয়েছে। আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলছে। এরপর ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৬ জুলাই ২০ ওভারের ফরম্যাট শেষ করে দেশে ফিরবে টাইগাররা। ফেরার পরই শুরু হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি।

নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন এখন পাকিস্তানের সাদা বলের কোচ। তার অধীনে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। চোখ তাদের আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মাদ হারিস (উইকেটকিপার), মোহাম্মাদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকীম।