হারারেতে আজ শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় জিম্বাবুয়ে। শেষ ওভারে ১০ রান প্রয়োজন পড়ে স্বাগতিকদের। ৮৬ বলে ৯২ রান নিয়ে অপরাজিত সিকান্দার রাজা ভরসা দেখান দলকে। যদিও ৫০তম ওভারের প্রথম বলেই তাকে বোল্ড করেন মাদুশঙ্কা। এরপর টানা দুই বলে আরো দুই উইকেট নেন তিনি। মাদুশঙ্কার তাণ্ডবেই কিনা প্রায় জেতা ম্যাচটি ৭ রানে হেরে যায় জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলংকা।
আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে সিংহলিজরা। পাথুম নিশাঙ্কা ৯২ বলে ৭৬, জেনিত লিয়ানাগে ৪৭ বলে ৭০ ও কামিন্দু মেন্ডিস ৩৬ বলে ৫৭ রান করেন। জবাবে ৮ উইকেটে ২৯১ রান তুলতে সমর্থ হয় জিম্বাবুয়ে। রাজা ৮৭ বলে ৯২, শন উইলিয়ামস ৫৪ বলে ৫৭ ও টনি মুনিয়ঙ্গা ৫২ বলে ৪৩ রান করেন। মাদুশঙ্কা ৬২ রানে ৪ উইকেট ও আসিথা ফার্নান্দো ৫০ রানে ৩ উইকেট নেন।










