বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইয়ান মুলডারের সাড়ে তিনশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে ছয়শ পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সাড়ে তিনশ পেরিয়ে মুলডার এখন ছুটছেন ব্রায়ান লারার ৪০০ রানের দিকে।

এ প্রতিবেদন লেখার সময় আজ সোমবার দ্বিতীয় দিন ৫ উইকেটে ৬২৬ রান তুলে লাঞ্চের বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। মুলডার ৩৬৭ ও কাইল ভেরেইনা ৪২ রানে ব্যাট করছিলেন।

মুলডারের দাপটে প্রথম দিনই ৮৮ ওভারে ৪৬৫ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। আজ তিনি আরো মারমুখী। ৩৬৭ রান করার পথে ৪৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরেছেন। এ পথে ইংল্যান্ডের লিওনার্ড হিউটন (৩৬৪), ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সকে (৩৬৫) টপকে গেছেন। সামনে এখন মাত্র চারজন—শ্রীলংকার মাহেলা জয়ার্বধনে (৩৭৪), অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন (৩৮০) ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৪০০*)। ক্যারিবীয় গ্রেট লারার ২১ বছরের রেকর্ড এখন হুমকির মুখে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ৪০০ রান করেছিলেন তিনি। মুলডারের সামনে দারুণ এক সুযোগ এসেছে লারাকে টপকে নতুন ইতিহাস গড়ার।

২৭ বছর বয়সী মুলডার চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৪৭ রানের ইনিংস খেলেন। আর সব মিলে এটা টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি। গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেছিলেন হার না মানা ১০৫ রান।