কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ২০ বলে ফিফটি করেন কুশল মেন্ডিস। শ্রীলংকার সাবেক অধিনায়ক আজ মঙ্গলবার ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ধ্রুপদী ব্যাটিংয়ে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাবেক লংকান অধিনায়ক। এটা তার ষষ্ঠ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ২০১৭ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। এ পথে অধিনায়ক চারিথ আসালঙ্কার সঙ্গে ১১৭ বলে ১২৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। আসালঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে আউট হয়েছেন।
এর আগে পাথুম নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫) নিয়ে ৬৯ বলে ৫৬ ও কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৩৮ বলে ৩১ রান যোগ করেন ৩০ বছর বয়সী কুশল। শ্রীলংকা যখন তিনশর দিকে ছুটছিল তখনই কুশলকে সাজঘরে পাঠান স্পিনার শামীম হোসেন। কুশল ছক্কা মারতে গিয়ে বোলারকেই ফিরতি ক্যাচ দেন (২৫৫/৬)। ইনিংসের ৪৬তম ওভারে কুশলের বিদায়ে লংকানদের তিনশর সম্ভাবনা কমে গেলেও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৪ বলে ১৮*) ও দুশমন্ত চামিরার (৮ বলে ১০*) ব্যাটে শেষ পর্যন্ত ২৮৫ রান তুলতে সমর্থ হয় তারা। অবশ্য শেষ দিকে বাংলাদেশের বোলাররা শক্ত বোলিং করে স্বাগতিকদের সংগ্রহ তিনশর নিচেই রাখতে পেরেছেন।
মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে ২টি ও তাসকিন আহমেদ ৫১ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন শামীম হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।










