দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা ও বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লকেলেতে শুরু হবে প্রথম ম্যাচ।

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুই দলের মধ্যে ভালো লড়াই হলেও সিরিজের ফলাফলে তার পুরো প্রতিফলন নেই। এবার টি-টোয়েন্টিতে কি ফল নিজেদের পক্ষে নিতে পারবে বাংলাদেশ? সমস্যা হলো, এই ফরম্যাটেই বাংলাদেশে সব সময় খারাপ ফল করেছে। এমনকি সর্বশেষ ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১টিতে হেরেছে তারা। চলতি বছর তো জয়হীন। সর্বশেষ জয় এসেছে ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

২০২১ সাল থেকে শুরু করে শ্রীলংকার সঙ্গে ছয়টি ম্যাচ খেলে চারটি হেরেছে বাংলাদেশ, জয় এসেছে দুটি। যদিও দুই দলের সর্বশেষ ম্যাচটিতে জিতেছে টাইগাররা। গত বছর ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারায় লাল-সবুজরা। ২২ রানে ৩ উইকেট নিয় ম্যাচের নায়ক রিশাদ হোসেন। এছাড়া মুস্তাফিজুর রহমান তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট নেন।

এই ফরম্যাটে ১৭ ম্যাচের মুখোমুখিতে শ্রীলংকা ১১টি ও বাংলাদেশ ৬টি জয় পেয়েছে। পাঁচ সিরিজের মোকাবেলায় লংকানরা চারটি জিতেছে, বাকিটি ড্র হয়।

শ্রীলংকার মাঠে অবশ্য টাইগারদের টি-টোয়েন্টি রেকর্ড মন্দ নয়। ২০১৩ থেকে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জয় তিনটি, হার দুটি। ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে সিংহলিজদের হারায় টাইগাররা। প্রথমটি দুই দেশের মধ্যকার সিরিজে, আর পরের দুটি নিদাহাস ত্রিদেশীয় টুর্নামেন্টে।

আগামী বছর ভারত ও শ্রীলংকার মাঠে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসছে। এ আসর সামনে রেখে বাংলাদেশ ও শ্রীলংকা উভয়ই তাদের তরুণ খেলোয়াড়দের পরখ করে নিতে চাইবে।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলা স্কোয়াড প্রায় অপরিবর্তিত রাখতে পারে। শুধু নাজমুল হোসেন শান্তর জায়গায় ঢুকবেন লিটন দাস, আর তানভীর ইসলামের জায়গা নেবেন রিশাদ হোসেন।