ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গত সপ্তাহে ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেট শিকারের রেকর্ড গড়েন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। এবার ব্যাটে ঝড় তুললেন তিনি। সেন্ট লুসিয়ায় রোববার বাংলাদেশ সময় রাত ৯ টায় স্বাগতিকদের বিপক্ষে শুরু হওয়া ম্যাচে ২৬ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের এ খেলোয়াড়। তার দল তুলেছে ৪ উইকেটে ২০৪ রানের সৌধ। যদিও এত বড় স্কোর নিয়েও হেরেছে ফ্যালকনস।

৫টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করেন সাকিব। এছাড়া আমির জাঙ্গু ৪৩ বলে ৫৬, ফ্যাবিয়ান অ্যালেন ১৭ বলে ৩৮ ও জুয়েল অ্যান্ড্রু ২০ বলে ২৫ রান করেন।

১০ ম্যাচ পর ফিফটি পেলেন সাকিব। আজ ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তার স্ট্রাইক রেট ২৩৪.৬১।

জবাব দিতে নেমে ড্যারেন স্যামি স্টেডিয়ামে ঝড় তোলেন স্বাগতিক দলের কিউই ব্যাটার টিম সেইফার্ট। ৫৩ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলে তিনি জেতান সেন্ট লুসিয়াকে। ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে সফল সাকিব বোলিংয়ে ব্যর্থ। তিনি ২ ওভারে ৩২ রান দিয়েছেন।

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সেন্ট লুসিয়া। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ত্রিনবাগো নাইট রাইডার্স। আর সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ পয়েন্ট নিয়ে আছে তিনে।