কলম্বোয় প্রথম ওয়ানডে ম্যাচে ২৪৫ রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান তুলে নেয়ার পর জয়ের স্বপ্নই হয়তো দেখছিল বাংলাদেশ। কিন্তু এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে অতিথিরা। শেষ দিকে জাকের আলীর লড়াইয়ে দেড়শ পেরোতে পারলেও হার এড়ানো যায়নি। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

লংকান স্পিনে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪টি ও কামিন্দু মেন্ডিস ৩টি উইকেট নেন।

৭৭ রানের এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলংকা। শনিবার একই মাঠে দ্বিতীয় ও মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ম্যাচ। শ্রীলংকার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।

এর আগে টেস্ট সিরিজে বাংলাদেশকে ১-০তে হারিয়েছে শ্রীলংকা।