সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নেয়া দক্ষিণ আফ্রিকা ফর্ম ধরে রাখল ইংল্যান্ড সফরেও। আজ মঙ্গলবার লিডসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। স্বাগতিক দলকে ১৩১ রানে অলআউট করার পর ১৭৫ বল বাকি থাকতে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

স্পিনার কেশব মহারাজ (৪/২২) ও পেসার উইয়ান মুলডারের (৩/৩৩) দুর্দান্ত বোলিংয়ে মুখে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৩১ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জেমি স্মিথ। সহজ টার্গেট তাড়া করতে নেমে এইডেন মারক্রাম মারমুখী ব্যাটিংয়ে ২০.৫ ওভারেই জয় এনে দেন প্রোটিয়াদের। মাত্র ৫৫ বলে ১৩টি চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন তিনি। এছাড়া রাইয়ান রিকেলটন করেন ৩১ রান। প্রোটিয়ারা বিনা উইকেটে ১২১ রান তুলে নেয়ার পর আদিল রশিদ তিনটি উইকেট শিকার করলেও তাতে বিপদ হয়নি অতিথিদের।

বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় ও রোববার সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্রিকেটের দুই পরাশক্তি।