জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ সোমবার দ্বিতীয় দিন ৩৬৭ রানে অপরাজিত থেকে লাঞ্চের বিরতিতে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার। লাঞ্চের পর আর ৩৩ রান করলেই ছুঁয়ে ফেলতেন ব্রায়ান লারার ৪০০ রান করার ২১ বছরের পুরনো রেকর্ড। কিন্তু লাঞ্চের পর আর ব্যাটিং না করে ৫ উইকেটে ৬২৬ রানেই ইনিংস ঘোষণা করে ফেলেন মুলডার! তার এ নিঃস্বার্থ ভূমিকায় হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন ক্যারিবীয় গ্রেট লারা, যিনি এখন উইম্বলডন টেনিস দেখতে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

মুলডারের দাপটে প্রথম দিনই ৮৮ ওভারে ৪৬৫ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। আজ তিনি ছিলেন আরো মারমুখী। সকালে আধা ঘণ্টার মধ্যেই ট্রিপল সেঞ্চুরি তুলে নেন ২৯৭ বলে, যা টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ভারতের বিরেন্দর শেবাগ। আজ মুলডার ২৯তম ব্যাটার ও হাশিম আমলার পর মাত্র দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন।

lara

উইম্বলডন টেনিসে দর্শক ব্রায়ান লারা। ছবি: এপি

মুলডার ৩৬৭ রান করার পথে ৪৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরেছেন। ট্রিপল সেঞ্চুরিয়ানদের মধ্যে তার সর্বোচ্চ স্ট্রাইক রেট (১০৯.৮৮)। ইংল্যান্ডের লিওনার্ড হিউটন (৩৬৪), ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সকে (৩৬৫) টপকে যাওয়ার পর তার সামনে ছিল মাত্র চারটি বড় স্কোর—শ্রীলংকার মাহেলা জয়ার্বধনে (৩৭৪), ব্রায়ান লারা (৩৭৫), অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন (৩৮০) ও ব্রায়ান লারা (৪০০*)। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ৪০০ রান করেছিলেন তিনি। লারার ২১ বছরের রেকর্ড হুমকিতে রেখে তিনি লাঞ্চের বিরতি যান। লারাকে টপকে নতুন ইতিহাস গড়ার দারুণ সুযোগ ছিল মুলডারের সামনে। যদিও তিনি সেই সুযোগটা না নিয়ে দলের স্বার্থকে বড় করে দেখে ইনিংস ঘোষণা করেন ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ টেস্ট স্কোরার হিসেবে।

২৭ বছর বয়সী মুলডার চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৪৭ রানের ইনিংস খেলেন। আর সব মিলে এটা টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি। গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেছিলেন হার না মানা ১০৫ রান। নিজের ২১তম টেস্টে ইতিহাস গড়ার সুযোগ পেয়েও তিনি লুফে নিলেন না। চোটগ্রস্ত কেশব মহারাজের জায়গায় এ টেস্টে নেতৃত্ব দেয়া মুলডার কি তবে অধিনায়ক হয়েই সুযোগটি হারালেন? কারণ, ইনিংস ঘোষণার সিদ্ধান্তটি তাকে নিজেকেই নিতে হয়েছে।