পাকিস্তান সফর করতে জাতীয় ক্রিকেট দলকে সবুজসঙ্কেত দিয়েছে বাংলাদেশ সরকার। তাই ক্রিকেট দলের পাকিস্তান সফরে যেতে কোনো বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সরকার। তবে এখন ক্রিকেটাররা সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা পাকিস্তান সফরে যাবেন কিনা।

পাকিস্তান সফরের আগে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সফর। আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে সেখানে পৌঁছেছে লিটন দাসের দল। শনিবার ও সোমবার শারজায় ম্যাচ দুটি।

আরব আমিরাতে সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা লিটন কুমার দাসের দলের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের পর পাকিস্তান সফর নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ বিডিনিউজকে জানান, ক্রিকেটারদের বাধ্য করা হবে না পাকিস্তানে যেতে। তিনি বলেন, ‘সরকার সবুজ সঙ্কেত দিয়েছে আজ। এটা হলো স্টেজ ওয়ান। এরপর স্টেজ টু হলো, আমরা এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ করব। ওদের তো আমরা জোর করতে পারি না। কারণ, এটা নিরাপত্তার ব্যাপার। সরকারের দিক থেকে কনসার্ন নেই। কিন্তু ক্রিকেটারদের নিজস্ব ভাবনা থাকতেই পারে। আমরা ক্রিকেটারদের স্বাধীনতা দেব সিদ্ধান্ত নেয়ার।’

পাকিস্তান-বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল), যা পুনরায় শুরু হচ্ছে শনিবার। পরিবর্তিত সূচিতে পিএসএল ফাইনাল ২৫ মে। এ কারণে পিছিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। পরিবর্তিত সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭ মে।