তিন ম্যাচের ওয়ানডে ও সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সফর এক বছর পেছানো হয়েছে। ভারতীয়রা আসবে আগামী বছর সেপ্টেম্বরে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, দুই বোর্ড আলোচনার পর একমত হয়েছে যে, কোনো আন্তর্জাতিক সূচির ঝামেলা না থাকলে আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। পরে এ দুটি সিরিজের সূচি প্রকাশ করা হবে।

এ মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এরপরই ভারতের সঙ্গে হোম সিরিজ খেলার কথা ছিল টাইগারদের, যারা টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকায়। এরপর দ্বীপদেশে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।