বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনল ভারত। ৬০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ রোববার পঞ্চম ও শেষ দিন ইংলিশরা ২৭১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক হিসেবে এটাই শুবমান গিলের প্রথম জয়।
ব্যাটে শুবমান গিলের পর বল হাতে দাপট দেখান পেস বোলার আকাশ দীপ। ৯৯ রানে ৬ উইকেট নিয়ে তিনি ভারতের জয় নিশ্চিত করেন। তিনি প্রথম ইনিংসে নেন ৪ উইকেট। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডে ম্যাচে ১০ উইকেট নিলেন আকাশ দীপ। চেতন শর্মা ১৯৮৬ সালে বার্মিংহাম টেস্টে ১৮৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন। এ ম্যাচে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ মিলে মোট ১০ উইকেট নিয়েছেন।
এর আগে গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬২ বলে ১৬১ রান। তার বীরত্বে ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দিতে সমর্থ হয় সফরকারীরা। বিশাল এ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৭২ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা। আজ সকালে বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। তাতে গিলদের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। যদিও পরে খেলা শুরু হলে নিয়মিত ব্যবধানে উইকেট শিকার করে স্বাগতিকদের ৬৮.১ ওভারে অলআউট করে সফকারীরা।
ম্যাচে গিল করেন মোট ৪৩০ রান। টেস্টের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৪৫৬ রানের রেকর্ডটা ইংল্যান্ডের গ্রাহাম গুচের, যা তিনি করেছিলেন ১৯৯০ সালে ভারতের বিপক্ষে। এছাড়া তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ম্যাচে দুটি দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া এ কীর্তি আছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারের। ১৯৮০ সালে লাহোর টেস্টে যথাক্রমে ১৫০ ও ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।
১০ জুলাই লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এরপর ২৩ জুলাই ম্যানচেস্টার টেস্ট ও ৩১ জুলাই ওভাল টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫৮৭ ও ৪২৭/৬ (ডি.)। ইংল্যান্ড: ৪০৭ ও ২৭১/১০ (জেমি স্মিথ ৮৮, ব্রাইডন কার্স ৩৮; দীপ ৬/৯৯)। ফল: ভারত ৩৩৬ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: শুবমান গিল (ভারত)। সিরিজ: ১-১-এ সমতা।










