ভারত-পাকিস্তান সংঘাতের পর পুনরায় শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় দিন রোববার দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম দুই ওভার দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। তিনি ১২ বলে ১৩ রান দেন। তৃতীয় ওভারে দিয়েছেন ১১ রান। সব মিলে তিন ওভারে খরচ ২৪ রান। এরপরও দিল্লির সেরা ইকোনোমি রেট তারই। বাকিরা ব্যর্থ। তাই ১৯৯ রান করেও দিল্লি। দুই ওপেনারের দৃঢ়তায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সবার আগে প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটানস। তাদের জয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের।
প্লে-অফের চতুর্থ টিকিটের জন্য এখন লড়াই হবে মুম্বাই ইন্ডিয়ানস (১২ ম্যাচে ১৪), দিল্লি (১২ ম্যাচে ১৩) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টের (১১ ম্যাচে ১০) মধ্যে।
সাই সুদর্শন (৬১ বলে ১০০*) ও অধিনায়ক শুবমান গিল (৫৩ বলে ৯৩*) অবিচ্ছিন্ন জুটিতে ১৯ ওভারে গুজরাটকে ১০ উইকেটের অভাবনীয় জয় এনে দিয়েছেন। এই জয়ের পর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গুজরাট। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা দিল্লির পক্ষে গুজরাটকে আর ধরা কোনোভাবেই সম্ভব নয় বলে তারা উঠে যায় প্লে-অফে।
এর আগে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে প্লে-অফের কাছাকাছি পৌঁছে যায় পাঞ্জাব কিংস। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে পাঞ্জাব। জবাবে রাজস্থান ৭ উইকেটে ২০৯ রান তুলতে সমর্থ হয়।
নেহাল ওয়াধেরা (৩৭ বলে ৭০), শশাঙ্ক সিং (৩০ বলে ৫৯*), শ্রেয়াস আইয়ার (২৫ বলে ৩০) ও আজমতুল্লাহ ওমরজাইয়ের (৯ বলে ২১*) ব্যাটে ভর করে দুশোর্ধ্ব সংগ্রহ গড়ে পাঞ্জাব। জবাবে উড়ন্ত সূচনা করে রাজস্থান। জশস্বী জয়সোয়াল (২৫ বলে ৫০) ও ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (১৫ বলে ৪০) ওপেনিং জুটিতে ২৯ বলে ৭৬ রান তুলে দিলে জয়ের সম্ভাবনা তৈরি হয় রাজস্থানের। এরপর ধ্রুব জুরেলের (৩১ বলে ৫৩) ফিফটির পরও বাকিদের ব্যর্থতায় জেতা হয়নি রাজস্থানের।
২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম প্লে-অফে খেলবে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।










