ডারউইনে বৃহস্পতিবার মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৭ উইকেটে হেরে টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে খেলার স্বপ্ন ক্ষীণ হয় বাংলাদেশ ‘এ’ দলের। আজ শুক্রবার (২৩ আগস্ট) এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছেও হেরেছে নুরুল হাসান সোহানের দল। অতিথিদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দলটি। এ হারে আসর থেকে বিদায় নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এডিলেড স্ট্রাইকার্স একাডেমি। সেমিফাইনালের বাকি তিন দল—শিকাগো কিংসমেন, পাকিস্তান শাহিনস ও পার্থ স্কোরচার্স একাডেমি। আজ একই দিনে আসরের দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জিশান আলম ৩৮ বলে ৫০ ও আফিফ ২৩ বলে ৪৯ রান করেন। ইয়াসির আলী ১৫ বলে করেন ২৫ রান। জবাবে ম্যাকেঞ্জি হার্ভের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এডিলেড স্ট্রাইকার্স একাডেমি দল। হার্ভে ৫৩ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ ও হ্যারি মানেন্তি ১৪ বলে ২৫ রান করেন। সাইফ হাসান ২৮ রানে ২ উইকেট নেন।

৬ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের কাছে হার দিয়ে শুরু সোহানদের। এরপর নেপাল ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্সকে হারালেও বাংলাদেশ দল হেরে যায় পার্থ স্কোরচার্স একাডেমি, মেলবোর্ন স্টারস একাডেমি ও এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে। ৬ ম্যাচে ৪টিতে হারের ফলে সেমিফাইনালে ওঠা হলো না সোহান, আফিফদের।

১১ দলের এ আসরে বাংলাদেশ ‘এ’ দল চার পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে থেকে শেষ করল। সোহানদের নিচে আছে শুধু অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস একাডেমি ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি।