ক্যান্ডির পাল্লকেলে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মহীশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।
২০২১ সাল থেকে শুরু করে শ্রীলংকার সঙ্গে ছয়টি ম্যাচ খেলে চারটি হেরেছে বাংলাদেশ, জয় এসেছে দুটি। যদিও দুই দলের সর্বশেষ ম্যাচটিতে জিতেছে টাইগাররা। গত বছর ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারায় লাল-সবুজরা। ২২ রানে ৩ উইকেট নিয় ম্যাচের নায়ক রিশাদ হোসেন। এছাড়া মুস্তাফিজুর রহমান তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট নেন।
এই ফরম্যাটে ১৭ ম্যাচের মুখোমুখিতে শ্রীলংকা ১১টি ও বাংলাদেশ ৬টি জয় পেয়েছে। পাঁচ সিরিজের মোকাবেলায় লংকানরা চারটি জিতেছে, বাকিটি ড্র হয়।
শ্রীলংকার মাঠে অবশ্য টাইগারদের টি-টোয়েন্টি রেকর্ড মন্দ নয়। ২০১৩ থেকে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জয় তিনটি, হার দুটি। ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে সিংহলিজদের হারায় টাইগাররা। প্রথমটি দুই দেশের মধ্যকার সিরিজে, আর পরের দুটি নিদাহাস ত্রিদেশীয় টুর্নামেন্টে।










