নিউজিল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি খেলা রস টেলর কিউই ক্রিকেটের একজন কিংবদন্তি। তিন ফরম্যাটে ১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা এ ব্যাটার নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন। এবার তিনি খেলবেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ সামোয়ার হয়ে!

৪১ বছর বয়সী টেলর খুব শিগগিরই সামোয়ার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। ‘এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৬ কোয়ালিফায়ার’-এ তিনি খেলবেন সামোয়ার হয়ে। বিশ্বকাপ বাছাইপর্ব আগামী ৮ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ওমানে। এ আসরে ৯টি দেশ অংশ নেবে, যার মধ্যে তিনটি পাবে বিশ্বকাপের টিকিট।

Ross Taylor

বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সামোয়া, এ দলে আছেন রস টেলর। দলটিকে নেতৃত্ব দেবেন কালেব জাসমাত। এক আলাপচারিতায় নিউজিল্যান্ড ক্রিকেটকে টেলর বলেন, ‘শিহরিত। গত কয়েকমাস ধরে পাইপলাইনে ছিলাম, অবশেষে আজ দল ঘোষণা করা হলো। আমি আমার মায়ের জন্মভূমির হয়ে খেলব বলে ভীষণ শিহরিত। আমি কোনো না কোনোভাবে পলিনেশিয়ান সম্প্রদায়কে কিছু দিতে চেয়েছি। হয়তো ভেবেছিলাম সেটি কোচিং কিংবা অন্য কোনো উপায়ে হতে পারে। কিন্তু আমি কখনো ভাবিনি, সামোয়ার হয়ে খেলব। কিন্তু যখন সুযোগ এসেছে তখন আমি নিশ্চিতভাবেই সামোয়ার জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘এই প্রথম বাছাইপর্ব খেলছে সামোয়া। আরো কিছু খেলোয়াড় আছেন দলটিতে যাদের সামোয়ার ঐতিহ্য রয়েছে। আমরা সবাই দলটিকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করব।’

২০২০ সালে সর্বশেষ ম্যাচ খেলেও টেলর এখনো টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

বাছাইপর্বে অংশ নেবে নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, সামোয়া, কুয়েত, মালয়েশিয়া, জাপান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।