ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হচ্ছে শনিবার। যদিও এ লিগ দুটিতে আগের মতো বিদেশি তারকার সবাবেশ থাকছে না। ট্রাভিস হেডসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন, নতুন করে শুরু হলেও তারা আইপিএল খেলতে এবার আর ভারতে ফিরছেন না।

পিএসএল ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল ২৫ মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজের এক্স হ্যান্ডলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিন-তারিখ জানিয়েছেন।

পিএসএল ৯ মে স্থগিত করে পিসিবি। সেদিন এ ঘোষণা আসার আগেই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলে বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও তারপর ৮ ম্যাচ হাতে রেখেই এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করা হয়। একই দিন ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত ঘোষণা করে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার জানিয়েছে, ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল।

৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএলের খেলা। পুনরায় শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ। মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফের ভেন্যু পরে জানানো হবে। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন-তারিখ ঠিক করা হয়েছে। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন ফাইনাল।