ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়ল ক্রিকেটে। এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ছেলেদের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দেয়া হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আগামী জুনে শ্রীলংকায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ ও সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপে খেলবে না ভারত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি এসিসিরও প্রধান। এ কারণেই ভারত এশিয়া কাপে খেলতে চায় না। গত এপ্রিলে শ্রীলংকার শাম্মি সিলভার জায়গায় এসিসির সভাপতি হন নাকভি। পাকিস্তানি মন্ত্রী এসিসি প্রধান বলেই এই আসরে খেলবে না ভারত। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, ‘ভারতীয় দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে। আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি। আমরা ভারত সরকারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

ছেলেদের এশিয়া কাপ ভারতেই হওয়ার কথা ছিল। ভারত না খেললে তারা আসরটি আয়োজনও করবে না। ফলে আসরটি হতে পারে শ্রীলংকা কিংবা সংযুক্ত আরব আমিরাতে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানে খেলেনি ভারত, যারা ম্যাচগুলো খেলেছিল শ্রীলংকা। সেবারের ‘হাইব্রিড’ মডেলে বাংলাদেশ ও শ্রীলংকাকে ম্যাচ খেলতে হয়েছিল পাকিস্তান ও শ্রীলংকায়।