বেশ কিছুদিন ধরেই ত্বকের ক্যানসারে ভুগছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ব্যাটার মাইকেল। এবার ষষ্ঠবারের মতো তিনি অস্ত্রোপচার করালেন। তার নাক থেকে ক্যানসার অপসারণ করা হয়েছে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন— ‘ত্বকের ক্যানসার বাস্তব। তাই নিয়মিত চেক-আপ করান। প্রতিরোধই সর্বোত্তম উপায়, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটাই আমার জন্য মূল চাবিকাঠি।‘
২০০৬ সালে প্রথমবার তার ত্বকের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে একাধিকবার অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছে এই তারকাকে।
বিশ্বে ত্বকের ক্যানসারের হার সর্বোচ্চ অস্ট্রেলিয়ায়। দেশটির অন্তত তিনজনের মধ্যে দুইজনই ৭০ বছর হওয়ার আগেই কোনো না কোনোভাবে এ রোগে আক্রান্ত হন।
২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলা ক্লার্ক খেলেছেন ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি২০। তার ঝুলিতে আছে ৮,৬৪৩ টেস্ট এবং ৭,৯৮১ ওয়ানডে রান। অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ২০১৫ বিশ্বকাপ এবং ২০১৩-১৪ সালের ঘরের মাঠের ৫-০ ব্যবধানে অ্যাশেজ জয়।










