সাবেক অধিনায়ক দাসুন শানাকা, পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও স্পিনার দুনিথ ওয়েলালাগেকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এক বছর পর জাতীয় দলে ফিরলেন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর ১০২ টি-টোয়েন্টিতে ১৪৫৬ রান ও ৩৩ উইকেট নিয়েছেন শানাকা।
দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন করুনারত্নে। ২০২৩ সালের এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ৪২ ম্যাচে ২৪ উইকেট ও ২৯১ রান করেছেন তিনি।
দলে আরো ফিরেছেন ৪ টি-টোয়েন্টি খেলা ভেল্লালাগে। গত বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ৬ উইকেটের মালিক ভেল্লালাগে। দলে নতুন মুখ পেসার ইশান মালিঙ্গা। এরই মধ্যে দেশের হয়ে ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ৬ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।
শানাকা-করুনারত্নে ও ভেল্লালাগে ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে, চামিন্দু বিক্রমাসিংহে ও আসিথা ফার্নান্দো। ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে ডাম্বুলা এবং কলম্বোতে। শুক্রবার পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ।
শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।










