আগামী বছরের মধ্য পথ থেকে টেস্ট ও ওয়ানডেতে ব্যস্ত সূচি অস্ট্রেলিয়ার। টেস্ট ক্রিকেট আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি থেকে অবসর দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার মিচেল স্টার্ক। আজ মঙ্গলবার এক ঘোষণায় তিনি এ কথা জানান।
৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া, যে দলের অন্যতম সদস্য ছিলেন স্টার্ক। গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরেও তিনি খেলেছেন। ২০ ওভারের ক্রিকেটকে এখানেই ইতি টানছেন। এমন সময় অবসর নিলেন পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র ছয় মাস বাকি। পরের আসর বসবে ভারত ও শ্রীলংকায়।
অবসরের ঘোষণায় স্টার্ক বলেন, ‘আমার কাছে টেস্ট ক্রিকেটই সব সময় অগ্রাধিকার পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ। সেটা কেবল আমরা জিতেছি বলেই নয়, ওই সময় দারুন একটি গ্রুপ ছিল, যাদের সঙ্গে সময়টা খুব উপভোগ করেছি।’
২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের সঙ্গে হোম সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের সঙ্গে চার টেস্টের সিরিজ, ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ, মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট লড়াইয়ের ১৫০তম বার্ষিকী উপলক্ষ্যে একমাত্র টেস্ট এবং ২০২৭ সালের মাঝামাঝিতে হবে অ্যাশেজ সিরিজ। ওই বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপ আসর, যেটিতে অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন।
স্টার্ক ১০০ টেস্টে ৪০২ উইকেট, ১২৭ ওয়ানডেতে ২৪৪ উইকেট ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭৯ উইকেট নিয়েছেন। টেস্টে ১১টি ফিফটিসমেত করেছেন ২৩২২ রান।










